প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

সাত মাসে বিশ্বনাথে উন্নয়নের চিত্র, ১৬৪ প্রকল্পসহ নানা উদ্যোগ

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Oct 3, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:16 PM
সাত মাসে বিশ্বনাথে উন্নয়নের চিত্র, ১৬৪ প্রকল্পসহ নানা উদ্যোগ

বিশেষ প্রতিনিধি, সিলেট

আব্দুল হামিদ রানা

সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা দায়িত্ব গ্রহণের পর প্রায় সাত মাসে বিশ্বনাথ উপজেলায় সড়ক যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো, কৃষি, মৎস্য, পরিবেশ ও জনকল্যাণসহ বিভিন্ন খাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও স্থানীয় সূত্র এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে এসব কার্যক্রমের চিত্র উঠে এসেছে। শনিবার (৩ অক্টোবর) বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সভায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

গ্রামীণ অবকাঠামোয় ৮৯ প্রকল্প

প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে সিলেট-২ আসনের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় মোট ১৬৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় রয়েছে ৮৯টি প্রকল্প। এসব প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু

বিশ্বনাথের গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে জুন মাসে দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে দেওকলস ইউপি–আহমদগঞ্জ–দেওকলস–গুদামঘাট–বাগিচা বাজার সড়ক এবং আরএইচডি–রামপাশা–বৈরাগী বাজার জিসি সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এসব সড়কের সংস্কারকাজ বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

কৃষি ও জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন

কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে বিশ্বনাথ উপজেলার রাজার খাল পুনঃখনন কাজেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে খালটির পুনঃখননকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সংশ্লিষ্টদের মতে, খাল পুনঃখননের ফলে কৃষিজমিতে পানি নিষ্কাশন ও সেচব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি কৃষকদের সুবিধা বাড়তে পারে।

পরিবেশ রক্ষায় ১০ হাজার চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জুলাই মাসে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও ব্যক্তির মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের ১০ হাজার চারা বিতরণের কর্মসূচি নেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

মৎস্য খাতেও বিভিন্ন কার্যক্রম

আগস্ট মাসে বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন এমপি লুনা। এ সময় মৎস্যসম্পদ উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরা হয়।

স্বাস্থ্যসেবায় বেসরকারি উদ্যোগ নিয়ে আলোচনা

বিশ্বনাথে নির্মাণাধীন ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ নিয়েও সংশ্লিষ্ট ট্রাস্টিদের সঙ্গে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার মতবিনিময় হয়েছে। আগস্টে যুক্তরাজ্যে ট্রাস্টিদের সঙ্গে সাক্ষাৎকালে হাসপাতালের নির্মাণকাজ, উন্নয়ন কার্যক্রম, আর্থিক বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বনাথসহ আশপাশের এলাকার মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে।

পৌর এলাকার সমস্যা নিয়ে মতবিনিময়

সেপ্টেম্বর মাসে বিশ্বনাথ পৌর শহরের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসা-বাণিজ্য, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, পার্কিংসহ পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়।

আরও স্বচ্ছ তথ্য প্রকাশের প্রয়োজন

দায়িত্ব গ্রহণের প্রায় সাত মাসে বিশ্বনাথ উপজেলায় যোগাযোগব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো, কৃষি, মৎস্য, পরিবেশ ও জনসেবাসহ বিভিন্ন খাতে বেশ কিছু কার্যক্রম সামনে এসেছে। তবে এসব প্রকল্পের মধ্যে কতগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, কতগুলোর কাজ চলমান রয়েছে এবং প্রকল্পভিত্তিক মোট বরাদ্দ ও ব্যয়ের পরিমাণ কত এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর পূর্ণাঙ্গ ও সমন্বিত তথ্য প্রকাশ করা হলে বিশ্বনাথের উন্নয়ন কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ